গোবিন্দগঞ্জে কমেছে কাঁচামরিচ ও পেঁয়াজের দাম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ বাজারে এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচসহ পেঁয়াজের দাম কমেছে। তবে অপরিবর্তিত রয়েছে ডিম, চাল, ডাল, আটা, ময়দা ও মাছ-মাংসের দাম।

বুধবার (২৪ ডিসেম্বর)  উপজেলার পৌর এলাকাসহ বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে প্রতি কেজি নতুন পেঁয়াজ ১০০ টাকা থেকে কমে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। আর পাতা পেঁয়াজ বিক্রি হচ্ছে গত সপ্তাহের মতোই ৩৫ থেকে ৪০ টাকা দরে।পেঁয়াজের পাশাপাশি দাম কমেছে কাঁচামরিচের। খুচরা বাজারে প্রতিকেজি কাঁচামরিচ ৬০ টাকা থেকে ১০ টাকা কমে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

পৌর বাজারের পেঁয়াজ বিক্রেতা আলামিন বলেন, বাজারে এখন নতুন পেঁয়াজের সরবরাহ বেড়েছে। গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি পেঁয়াজের দাম ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে। গতকাল পাইকারি বাজারে ৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ তা  ৫০ টাকা বিক্রি হচ্ছে। আর খুচরা বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৬০ টাকা পর্যন্ত। সামনে পেঁয়াজের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান তবে দাম কমলেও ৪০ টাকার নিচে নামার সম্ভাবনা কম। সেই সঙ্গে কাঁচামরিচের দামও কমেছে ১০ টাকার মতো।

মুরগির বাজারে খোঁজ নিয়ে জানা যায়, ব্রয়লার মুরগি গত সপ্তাহের মতোই ১৫০-১৬০ টাকা, পাকিস্তানি সোনালি মুরগি ২৫০-২৭০ টাকা এবং দেশি মুরগি ৫০০-৫৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে গরুর মাংস অপরিবর্তিত ৭২০-৭৫০ টাকা এবং খাসির মাংস ১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

উপজেলার নাকাই হাট বাজারের মুরগি বিক্রেতা সৈয়দ আলী বলেন, মুরগির বাজার গত তিন সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে। দাম কমলে বিক্রিও বাড়ে।

সবজি বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে প্রতি কেজি টমেটো গত সপ্তাহের মতোই ৭০-৮০ টাকা, গাজর ৫০-৬০ টাকা, মুলা ২০ টাকা, ফুলকপি ২৫-৩০ টাকা থেকে কমে ১০-১৫ টাকা, বাঁধাকপি ২৫-৩০ টাকা থেকে কমে ১০-১৫ টাকা, চালকুমড়া (আকারভেদে) আগের মতোই ৪০-৫০ টাকা, কাঁচকলার হালি ২০-২৫ টাকা, চিকন বেগুন ৩০-৪০ টাকা, গোল বেগুন ৫০-৬০ টাকা থেকে কমে ৪০-৫০ টাকা, ঢ্যাঁড়স আগের মতোই ৫০-৬০ টাকা, পটল ৬০-৭০ টাকা থেকে কমে ৫০-৬০ টাকা, বরবটি ৫০-৬০ টাকা, শিম ৩০-৪০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, শসা আগের মতোই ৪০-৫০ টাকা, করলা ৭০-৮০ টাকা, লাউয়ের (আকারভেদে) দাম কমে ৩০-৪০ টাকা, লেবুর হালি ১০-১৫ টাকা, প্রতি কেজি ধনেপাতা গত সপ্তাহের মতোই ২৫-৩০ টাকা, সব ধরনের শাকের আঁটি ১০ থেকে ২০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অপরদিকে দেশি আদা গত সপ্তাহের মতোই ১২০-১৪০ টাকা, দেশি রসুন ১০০-১২০ টাকা, আমদানি করা রসুন ২২০-২৪০ টাকা, শুকনা মরিচ আগের মতো ৩৫০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত