‘ফরহাদকে জামাই হিসেবে পেয়ে গর্বিত, আমাদের মেয়েও কম নয়’

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসুর) সাধারণ সম্পাদক চট্টগ্রামের এসএম ফরহাদের সাথে চাকসুর নির্বাহী সদস্য, সোনাগাজীর জান্নাতুল ফেরদৌস সানজিদার শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। 

ফরহাদের মামাত ভাই লুৎফুর রহমান জানান, বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে রাজধানীর কাঁটাবন জামে মসজিদ জোহরের নামাজের পর উভয় পরিবাবের সদস্য ও ইসলামী আন্দোলনের নেতাদের উপস্থিতিতে আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী সহ উভয় পরিবারের সদস্যরা। 

এসএম ফরহাদ চট্টগ্রামের সন্তান। তার বাবা চট্টগ্রাম বায়তুশ শরফ মাদরাসা প্রিন্সিপাল মাওলানা ফোরকান। ফরহাদ পরিবারের বড় ছেলে। ইসলামি ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। 

পাত্রী সানজিদা সোনাগাজী পৌর শহরের ২নং ওয়ার্ড চট্টগ্রাম সমাজ বড় বাড়ির জামায়াত নেতা ব্যবসায়ী এমদাদুল্লাহ কাজলের বড় মেয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী ও চাকসুর নির্বাহী সদস্য। 

সোনাগাজী পৌর জামায়াতের আমীর মাওলানা কালিম উল্যাহ জানান, ফরহাদকে জামাই হিসেবে পেয়ে আমরা গর্বিত। আমাদের মেয়েও কোন অংশ কম নয়। চাকসু নির্বাচনে সানজিদা ৬ হাজার ভোট পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মতো সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে ছিলেন।

উল্লেখ্য, জিএস ফরহাদের বাগদান অনুষ্ঠান ডিসেম্বরের মাঝামাঝি হওয়ার পারিবারিক ভাবে কথা থাকলেও হঠাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তাৎক্ষণিক পেছানো হয়েছিল বাগদানের দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত