সিরাজগঞ্জের শাহজাদপুরে হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে উপজেলার খুকনী ইউনিয়নের যুগীপাড়া ও দৌলতপুর গ্রামে অসহায় দুটি পরিবারকে নতুন ঘর তৈরই করে দিয়েছেন প্রচেষ্টা সবার জন্য'র পরিচালক শাহবাজ খান সানি।
আজ বুধবার সকালে উপজেলার খুকনী যুগীপাড়া গ্রামের আব্দুল আওয়াল এবং দৌলতপুর গ্রামে চান মিয়াকে নতুন ঘর উপহার দেওয়া হয়। ঘরটির নাম 'আপন ঠিকানা'।
জানা গেছে , খুকনী গ্রামের অসহায় আব্দুল আওয়াল ও দৌলতপুর গ্রামের চান মিয়া তাদের বসবাসের ঘর ছিল না। তালাইয়ের মোড়ানো পলিথিন টাঙিয়ে ছেলে-মেয়ে নিয়ে থাকত পরিবার দুটি। সেই খবর পেয়ে হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে প্রচেষ্টা সবার জন্য'র তত্তাবধায়নে তাদের দুটি পরিবারকে নতুন ঘর উপহার দেয়।
প্রচেষ্টা সবার জন্য'র পরিচালক শাহবাজ খান সানি বলেন, হাউজ অব মান্নান চ্যারিটেবলের অর্থায়নে আমরা শুধু শাহজাদপুরেই নয় যেখানে অসহায় পরিবার দেখছি আমরা তাকে সহযোগিতা করছি। ইতিমধ্যে সিরাজগঞ্জ জেলা ও শাহজাদপুরে ১১৫ টি নতুন ঘর দিয়েছি। শুধু ঘর নয় তার সঙ্গে কম্বল, খাবার, লেপ তোষক, মশারি, খাটও দিয়েছি।
এদিকে নতুন ঘর পেয়ে আব্দুল মান্নান ও চান মিয়া বলেন, পরিবার-পরিজন নিয়ে ভাঙা ঘরে কি কষ্ট করে বসবাস করেছি তা বলতে পারব না। আমাদের কোনও ঘর ছিল না। আমরা স্বপ্নেও ভাবতে পারি নাই যে নতুন ঘর পাব। যে আমাকে ঘর দিয়েছে আল্লাহ তাকে যেন জান্নাতে ঘর করে দেয়।
