বড়দিন ও নববর্ষ ঘিরে সম্ভাব্য সন্ত্রাসী হামলার পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি করেছে তুরস্কের নিরাপত্তা বাহিনী। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামিক স্টেট (আইএস) এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অন্তত ১১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলির দপ্তরের তত্ত্বাবধানে রাজধানী আঙ্কারাসহ বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে ১২৪টি স্থানে তল্লাশি চালানো হয়। অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং আইএসের সাংগঠনিক নথি উদ্ধার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, সন্দেহভাজনরা চলতি সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে অমুসলিম সম্প্রদায় ও উৎসব কেন্দ্রিক অনুষ্ঠানে হামলার পরিকল্পনা করছিল। এ ঘটনায় আরও ২২ জনকে শনাক্ত করা হয়েছে, যাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিদের সঙ্গে তুরস্কের বাইরে অবস্থানরত আইএস অপারেটিভদের যোগাযোগ ছিল। এর আগে আফগানিস্তান–পাকিস্তান সীমান্ত এলাকায় অভিযানে আইএসের সঙ্গে যুক্ত এক তুর্কি নাগরিককে আটক করে দেশটির গোয়েন্দারা।
প্রসঙ্গত, সিরিয়ার সঙ্গে প্রায় ৯০০ কিলোমিটার সীমান্ত থাকায় আইএসের তৎপরতা নিয়ে দীর্ঘদিন ধরেই সতর্ক অবস্থানে রয়েছে তুরস্ক।
