রহস্যপূর্ণ পাতাল শহর
শহরের নাম ডেরিনকুয়ু। ইউরেশিয়ান দেশ তুরস্কের ইস্তাম্বুল থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নেভশেহির প্রদেশের কাপাডোসিয়ায় অবস্থিত, মাটির নিচে ছিল রহস্যময় শহর। ডেরিনকুয়ু আবিষ্কারের সূত্রপাত : ১৯৬৩ সালে তুরস্কের কাপাডোসিয়া অঞ্চলে নিজের বাড়ি মেরামত করছিলেন এক বাসিন্দা। কারণ তার বাড়ির একটি প্রাচীর ভেঙে পড়ে গিয়েছিল। আর ঠিক সেই সময়ই মাটির নিচে একটি হিডেন প্যাসেজ আবিষ্কার করেন তিনি। এখানেই শেষ নয় বরং তিনি দেখলেন এর বাইরেও আছে একটি রুম এবং আরও প্যাসেজ। তিনি বেশ অবাক হওয়ার পাশাপাশি কৌতূহলীও হয়ে ওঠেন। পরবর্তী সময় আরও খোঁজাখুঁজির মাধ্যমে একটি জটিল সুড়ঙ্গ, গুহাব্যবস্থা এবং শেষ পর্যন্ত আগ্নেয়শিলায় খোদাই করা একটি বিশাল ভূগর্ভস্থ শহর খুঁজে পান। অজান্তেই প্রাচীন ভূগর্ভস্থ শহর ডেরিনকুয়ু ঠিক এভাবেই আবিষ্কার করেছিলেন তিনি। তুরস্কের সংস্কৃতি মন্ত্রণালয়ের মতে, ইন্দো-ইউরোপীয় ফ্রিজিয়ান জাতিগোষ্ঠীর মানুষজন আনুমানিক ৭৮০ থেকে ১১৮০ খ্রিস্ট পূর্বে বাইজেন্টাইন আমলে ডেরিনকুয়ু শহর তৈরি করে। অবাক তথ্য যে, আঠারো তলার শহর ছিল এটি। শহরে অন্য সব শহরের মতো বাড়িঘর, চার্চ, কবরস্থান, স্কুল, কুয়ো, আস্তাবল, সবকিছু ছিল। এই শহর থেকে অনেক শিলালিপি আবিষ্কার হয়েছে। এগুলো বিলুপ্ত ফ্রিজিয়ান ভাষায় লেখা। এত বছর পরও মাটির নিচের এই শহরটি এখনো বেশ ভালোভাবে টিকে রয়েছে।