নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালিয়েছে থানা পুলিশ। এ সময় কয়েক কোটি টাকার নকল স্ট্যাম্প জব্দ করা হয়েছে। এ ঘটনায় কারখানার দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার ইনতাজমোল্লা ডাঙ্গী গ্রামের মিন্টু খান (৩৫) ও একই জেলার বোয়ালমারী থানার রূপশাত গ্রামের মো. মুন্না ইসলাম মিকাইল (২১)।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় মৌচাক বাসস্ট্যান্ড-সংলগ্ন পঁচা সাবান কারখানার সামনে এমদাদ হাজির বাড়িতে গড়ে ওঠা কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আব্দুল বারিক বলেন, মৌচাক এলাকায় এমদাদ হাজির দ্বিতীয় তলা বাড়ির নিচতলায় মো. সবুজ মোতাহার নামে এক ব্যক্তি একটি ছাপা কারখানা গড়ে তোলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কারখানা থেকে ৫০ ও ১০০ টাকা দামের নন জুডিশিয়াল এবং ৫ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত আনুমানিক কয়েক কোটি টাকা দামের রেভিনিউ নকল স্ট্যাম্প ও স্ট্যাম্প তৈরির কাগজ জব্দ করা হয়। কারখানা মালিক ও গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
