যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে মনিরামপুর এলাকায় ‘অবৈধ মনোনয়ন মানি না, মানবো না’ শ্লোগানে তারা প্রতিবাদ জানান।
হাইকমান্ড গত ২৪ ডিসেম্বর বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী শহীদ ইকবাল হোসেনকে পরিবর্তন করে রশীদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেয়। এর পরই দলের একাংশের নেতাকর্মীরা প্রতিবাদে নেমে আসেন। বিক্ষোভ মিছিলে অংশ নিতে দেখা যায়, নেতাকর্মীদের মাথায় কাফনের কাপড় বাঁধা ছিল। মিছিলটি পৌর শহরের প্রধান সড়কগুলো দিয়ে পদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন— পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, অ্যাড. মকবুল ইসলাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান নিস্তার ফারুক, পৌর সিনিয়র সহসভাপতি সন্তোষ স্বর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান।
নেতাকর্মীরা জানান, যদি শহীদ ইকবাল হোসেনকে পুনরায় মনোনয়ন দেওয়া না হয়, তবে আগামী শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টায় পুনরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ৪ ডিসেম্বর আসনটি নিয়ে বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হয় এ্যাড. শহীদ ইকবাল হোসেনকে। কিন্তু ঐক্যজোটের সমঝোতায় ২৪ ডিসেম্বর মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে জোট প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
