‘ন্যায্য জ্বালানি রূপান্তর’ প্রতিপাদ্যে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে তিন দিনব্যাপী বাংলাদেশ মডেল ইউনাইটেড নেশনস-২০২৫ সম্মেলন শুরু হয়েছে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) প্রাঙ্গণে আয়োজিত এই আন্তর্জাতিক শিক্ষামূলক সম্মেলন চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, মডেল ইউনাইটেড নেশনস তরুণদের বাস্তব কূটনীতির জটিলতা বোঝার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ন্যায্য জ্বালানি রূপান্তর কেবল জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য শক্তিতে যাওয়ার বিষয় নয়, এটি মানুষের জীবন, সমতা ও যৌথ দায়িত্বের সঙ্গেও সম্পৃক্ত। তিনি আরও বলেন, সব দেশের জন্য একই সমাধান কার্যকর নয় এবং কূটনীতি মূলত প্রতিযোগিতা নয় বরং সংলাপের মাধ্যমে সমাধানে পৌঁছানোর প্রক্রিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কূটনীতির মধ্যে ন্যায়বিচার, মানবিক দায়বদ্ধতা ও নৈতিক স্বচ্ছতা অন্তর্ভুক্ত করতে হবে। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক বৈষম্য ও রাজনৈতিক অস্থিরতার বর্তমান সময়ে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিজ্ঞতা আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।
স্বাগত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন ও জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ও ইউনিস্যাবের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ মো. শাইখ ইমতিয়াজ বলেন, মডেল ইউনাইটেড নেশনস বিতর্কের চেয়েও বেশি ভিন্নমত বোঝার অনুশীলন। তিনি তরুণদের আগামী ২৫ বছরে কেমন বাংলাদেশ দেখতে চান, সে বিষয়ে ভাবনার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনা কাজে লাগাতে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও বাস্তব চিন্তার মধ্যে সংযোগ তৈরি করতে হবে। সেখানে মডেল ইউনাইটেড নেশনসের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দ্য টাইমস অব বাংলাদেশের প্রকাশক মো. মাসুদ রাজ্জাক, সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. তৌফিক জোয়ার্দার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. সৈয়দ মুনতাসির মামুন। তাঁরা তরুণদের সক্রিয় অংশগ্রহণ, জাতিসংঘের বাস্তব ভূমিকা ও ন্যায়ভিত্তিক বৈশ্বিক নীতির গুরুত্ব তুলে ধরেন।
তিন দিনে মোট আটটি গ্রুপে কয়েক পর্বের আলোচনা শেষে সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছাবে এই ছায়া জাতিসংঘ সম্মেলন। ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) এ সম্মেলনের আয়োজন করেছে। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে টাইমস অব বাংলাদেশ।
