প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন শেষে আজ ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গণঅভ্যুত্থানের মুখে গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। তখনকার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের পর ১০ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন সৈয়দ রেফাত আহমেদ। নিয়োগ লাভের পর এক বছর সাড়ে চার মাস দায়িত্ব পালন করেন তিনি।
ইতিমধ্যে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
সুপ্রিম কোর্টে গত ২১ ডিসেম্বর থেকে অবকাশকালীন ছুটি শুরু হয়েছে, যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। অবকাশের সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকে। যে কারণে গত ১৮ ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে আপিল বিভাগের ১ নম্বর আদালতে (প্রধান বিচারপতির এজলাস) বিদায়ী সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী সনদ লাভের পর ১৯৮৪ সালে জেলা আদালতে, ১৯৮৬ সালে হাইকোর্টে এবং ২০০২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। ২০০৩ সালের ২৭ এপ্রিল হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ২০০৫ সালের ২৭ এপ্রিল তিনি হাইকোর্টে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান। দেশের উচ্চ আদালতের ইতিহাসে তিনিই একমাত্র বিচারক, যিনি হাইকোর্টের বিচারপতি হিসেবে সরাসরি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করেন।
