চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় এবং মুদি দোকানের কর্মচারী সাব্বির হোসেন নিহত হন। নিহত কিশোর শালদহ গ্রামের আরিফ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আগুন লেগে মুদি দোকানের মালিক জয়নাল আহমেদ নিরাপদে বের হতে পারলেও কর্মচারী সাব্বির হোসেন দোকানের ভেতরে আটকা পড়ে। আগুন দ্রুত ভয়াবহ আকার নেওয়ায় তিনি গুরুতর দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জিহাদ ফাতেমা স্টোরসহ আরও চারটি দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো: জয়নাল আহমেদের মুদি দোকান, ইমনের ফার্মেসি, টেলু গাজীর ফার্নিচার, নজরুল ইসলামের মাছের খাদ্যের দোকান এবং জহিরের ওয়ার্কশপ।
ফরিদগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ কামরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে।
