বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহিন রাজনৈতিক দলগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘২৪-এর আন্দোলনে যে আপোষ করা হয়নি, ক্ষমতার স্বার্থে যদি এখন আপোষ করা হয়, আধিপত্যবাদকে সুযোগ দেওয়া হয়—তা হবে পুরো জাতিকে কবর দেওয়া।’
তিনি আরও বলেন, দুই হাজার ছাত্র-জনতার আত্মত্যাগ ও হাজার হাজার আহতের রক্তের বিনিময়ে অর্জিত প্রত্যাশা রাজনৈতিক বিভেদের কারণে ব্যাহত হচ্ছে। বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দলের প্রতি তিনি দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান। আপনাদের অনৈক্যের কারণে ফ্যাসিস্টদের আগমন দ্রুততম সময়ে ঘটবে বলে মনে করছি।
তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ‘সবাইকে নিয়ে দেশ গড়ার যে প্রত্যাশা তারেক রহমান ব্যক্ত করেছেন, আমরাও সেটাই চাই।’
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের একটি রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুর রহমান শাহিন।
তিনি আরো বলেন, আপনাদের সভাপতি আবু সাউদ মাসুদ ভাই বলেছেন সাংবাদিকদের ওপর হাত উঠলে সেই হাত ২৪ ঘণ্টার মধ্যে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে। আমি এর সাথে যুক্ত করে বলতে চাই সাংবাদিকদের বিরুদ্ধে যদি আর একটি মামলাও হয়, কিংবা সাংবাদিকদের বিরুদ্ধে যদি একটি ‘টু’ শব্দও উচ্চারিত হয়—নিবন্ধিত এই নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের পাশে আমরা দাঁড়াব। প্রয়োজনে দেখব প্রশাসনের এসপি-ডিসি কীভাবে এখানে থাকে।
তিনি বলেন, জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট শক্তি দেশের মানুষের কণ্ঠরোধ করতে চাইলেও সাংবাদিকদের কণ্ঠস্বর বন্ধ করতে পারেনি। নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, ‘ভেবেছিলাম ৫ আগস্টের পর আর আন্দোলন করতে হবে না, কিন্তু বাস্তবতা হলো—এখনো আমাদের আন্দোলনে থাকতে হচ্ছে।’
তথ্য উপদেষ্টার ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘সদ্য পদত্যাগকারী তথ্য উপদেষ্টার পেছনের চরিত্র আরও ভয়াবহ। ফ্যাসিস্টদের পত্রিকায় দুইটি সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে—এটা উদ্বেগজনক।’
নতুন তথ্য উপদেষ্টার কাছে সাংবাদিকদের দাবি তুলে ধরে তিনি বলেন, ‘মিডিয়াকে আটকে রাখা বা অন্ধকারে রাখার কোনো সুযোগ নেই।’
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি দুটি দায়িত্বের কথা উল্লেখ করেন— সততার সঙ্গে কাজ করতে হবে, পেশাগত দক্ষতা অর্জন করতে হবে।
নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নকে দেশের অন্যতম শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর মহাসচিব কাদের গনি চৌধুরীর উপস্থিত থাকার কথা থাকলেও অপর একটি অনুষ্ঠানে ব্যাস্ত থাকায় তিনি আসতে পারেননি।
নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র দপ্তর সম্পাদক আবু বক্কর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, শ্রম অধিদপ্তরের নারায়ণগঞ্জ শাখার উপ-পরিচালক ইয়াসমিন আক্তার, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক গোলাম সারোয়ার সাঈদ, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক একেএম মাহফুজুর রহমান প্রমুখ।
সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মনির হোসেন। এরপর মহান মুক্তিযুদ্ধ, ২৪-এর আন্দোলন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি এবং স্বাধীন বাংলাদেশে নিহত সকল সাংবাদিকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
