বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ পদে আজ দায়িত্ব নিচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন।
সুপ্রিম কোর্টের গণসংযোগ বিভাগ জানিয়েছে, রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে শপথবাক্য পাঠ করাবেন।
এর আগে গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়। আইন সচিব লিয়াকত আলী মোল্লার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শপথ গ্রহণের দিন থেকেই এই নিয়োগ কার্যকর হবে।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বিচারাঙ্গনে দীর্ঘ কর্মজীবন রয়েছে। তিনি ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরবর্তী সময়ে ২০০৩ সালের ২৭ আগস্ট তাঁকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। দুই বছর পর তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হন।
২০২৪ সালের ১২ আগস্ট তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পান।
শিক্ষাজীবনে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনে উচ্চতর ডিগ্রি (এলএলএম) সম্পন্ন করেন।
প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থায় তাঁর অভিজ্ঞতা ও দীর্ঘদিনের পেশাগত জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলে আশা করা হচ্ছে।
আজ ৮ বিভাগে ইনকিলাব মঞ্চের অবরোধ
অন্তর্বর্তী সরকারের মেয়াদেই শহীদ হাদি হত্যার বিচার শেষ করার আশ্বাস