বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শিক্ষক এ কে এম শহিদুল ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের নন-জিআরও উপপরিদর্শক স্বপন এসব তথ্য নিশ্চিত করেছেন।
শহিদুল ইসলাম রাজধানীর গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের বক্তব্য অনুযায়ী, গত ২৭ ডিসেম্বর শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের সময় শহিদুল ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তি করছিলেন। এ সময় সেখানে উপস্থিত বিএনপি নেতা-কর্মীরা বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এদিকে, গত শনিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক দেশে যেকোনো ব্যক্তির মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। বিএনপি গণতন্ত্র ও মানুষের বাক স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে। নিজের মতপ্রকাশের কারণে এ কে এম শহিদুল ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো ঠিক হয়নি। তাই তার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও গণতান্ত্রিক অধিকার সম্মান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।
