ঢাকা-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মামুনুল হক, প্রতিদ্বন্দ্বী ববি হাজ্জাজ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম

ঢাকা-১৩ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা-১৫ ও ১৩ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। মো. ইউনুচ আলী ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

মনোনয়নপত্র জমা শেষে মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবে অংশীজন দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আসন সমঝোতার মাধ্যমে জোট গঠন করে ভোটে অংশ নিচ্ছে। খেলাফত মজলিস ছাড়াও জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপিসহ অন্যান্য দল এই জোটে থাকবে।

জোটে কতটি দল থাকবে-এমন প্রশ্নে তিনি জানান, বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। বিকালের সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত বিস্তারিত জানানো হবে। জোটের আসন দাবি নিয়ে তিনি বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে, এখনই তা বলা যাচ্ছে না।

লেভেল প্লেয়িং ফিল্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তার প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা এখনও লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না।

এদিকে ঢাকা-১৩ আসন থেকে আরও যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন বিএনপির ববি হাজ্জাজ, বাংলাদেশ জামায়েত ইসলামীর মো. মোবারক হোসাইন, এনসিপির মো. আকরাম হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরাদ হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর নেক মোহাম্মদ, নাগরিক ঐক্যের মো. মাহবুবুর রহমান, বিএনপি (স্বতন্ত্র) কায়েস মাহমুদ, গণমুক্তি জোটের শাহরিয়ার ইফতেখার, রিপাবলিকান পার্টির আশরাফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সোহেল রানা এবং স্বতন্ত্র প্রার্থী শেখ মো. রবিউল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত