বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে গফরগাঁওয়ে রেলপথ অবরোধ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মনোনয়নবঞ্চিত প্রার্থীদের সমর্থকেরা দ্বিতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন। এতে ট্রেন চলাচল বারবার বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তির সৃষ্টি হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে গফরগাঁও রেলস্টেশন ও আশপাশের এলাকায় অবস্থান নেন বিক্ষোভকারীরা। সকাল ৯টার দিকে ‘বলাকা’ কমিউটার ট্রেনটি আটকে দিয়ে বিক্ষোভ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা পর সকাল ১০টা ৫৬ মিনিটে ট্রেনটি ছেড়ে যায়। তবে দুপুর দেড়টার দিকে কালীরহাট এলাকায় রেললাইনের ওপর স্লিপার ও বালুর বস্তা ফেলে আবারও ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এর আগে শনিবার বিকেল ৪টা থেকে শুরু হওয়া বিক্ষোভে গফরগাঁও স্টেশনসহ উপজেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করা হয়। বিক্ষোভকারীরা স্টেশন মাস্টারকে কক্ষ থেকে বের করে অফিসে তালা ঝুলিয়ে দেন। এ সময় স্টেশনের কম্পিউটার সিস্টেম, সিগন্যাল লাইট ও সংযোগ লাইনের বক্সে আগুন দেওয়া হয়। রেললাইনের স্লিপার তুলে নেওয়ায় লাইন ক্ষতিগ্রস্ত হয়। ফলে শনিবার বিকেল থেকে রাত ১টা পর্যন্ত প্রায় ৯ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে ষ্টেশন ও পৌর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করেছে। এসব এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। 

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের পর ট্রেন চলাচল আংশিক স্বাভাবিক করা হয়। রাত ১টার পর আটকে পড়া ট্রেনগুলো ছেড়ে যায়। স্থানীয় প্রশাসন ও রেলওয়ে সূত্রে জানা গেছে, জামালপুর এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, মহুয়া, অগ্নিবীণা, দেওয়ানগঞ্জ ও বলাকা কমিউটারসহ অন্তত ১০টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। 

গফরগাঁও রেলওয়ে স্টেশনমাস্টার মো. হানিফ জানান, রেলওয়ের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ আল মামুন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পত্রে ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুকে ময়মনসিংহ-১০ আসনের দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণা করা হয়। মনোনয়ন ঘোষণার পরপরই মনোনয়নবঞ্চিত প্রার্থী এ বি সিদ্দিকুর রহমান ও মুশফিকুর রহমানের সমর্থকেরা বিক্ষোভে নামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত