কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় গর্ভবতী হরিণের মৃত্যু

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় গর্ভবতী এক হরিণের মৃত্যু হয়েছে। কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের শালদোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে মৃত হরিণটি উদ্ধার করে মাটি চাপা দিয়েছে স্থানীয় বনবিভাগ। 

এলাকাবাসী ও বনবিভাগ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বনের ভিতর ও বাইরে মাঝে মধ্যে বিলুপ্তপ্রায় দুই/একটা হরিণ দেখা যায়। স্থানীয়রা বলছেন, বিলুপ্তপ্রায় হরিণটি গাজীপুর সাফারি পার্ক থেকে বেড়িয়ে আসতে পারে। আজ সোমবার সকালে এর মধ্যে গর্ভবতী একটি হরিণ মৃত অবস্থায় উপজেলার শালদোপাড়া এলাকায় কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা সড়কের ওপর পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে কাচিঘাটা রেঞ্জের কাচিঘাটা বিট অফিসের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে গর্ভবতী মৃত হরিণটি উদ্ধার করে। ওই মৃত হরিণটি উদ্ধার করে মাটি চাপা দেন স্থানীয় বন বিভাগের লোকজন।  

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত রবিবার রাতের কোনো এক সময় কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা সড়ক পারাপার কালে বেপরোয়া গতির অজ্ঞাত গাড়ি চাপায় ওই গর্ভবতী হরিণটি মারা যায়। ওই মৃত হরিণের পেটে হরিণ আকৃতির দুটি বাচ্চাও ছিল। সড়ক দুর্ঘটনায় সে বাচ্চাগুলোও মারা গেছে। তবে হরিণটিকে চাপা দিয়ে দ্রুত ঘাতক গাড়ি চলে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

এ ব্যাপারে কাচিঘাটা বন অফিসের বিট কর্মকর্তা শরিফ খান চৌধুরী জানান, বেপরোয়া গতির অজ্ঞাত একটি গাড়ি চাপায় মৃত গর্ভবতী ওই হরিণটি উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়েছে। তবে এটা কোথা থেকে এসেছে? সেটা বলা মুশকিল।

কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের এএসআই নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক গাড়িচালক ও সহযোগীকে আটক করা যায়নি।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত