খালেদা জিয়ার জানাজা: অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রোরেল কর্তৃপক্ষ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে কাল বুধবার (৩১ ডিসেম্বর)। এই জানাজায় অংশ নেওয়ার সুবিধার জন্য আগামীকাল অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রোরেল কর্তৃপক্ষ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে আগামীকাল ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ডিএমটিসিএল নিয়মিত সময়সূচীর অতিরিক্ত বিশেষ মেট্রোট্রেন সার্ভিস পরিচালনা করবে।’

বাদ যোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে তাকে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিয়ে এ তথ্য জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘কাল বাদ যোহর মানিকমিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তাকে দাফন করা হবে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের ঠিক পাশে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত