কেমন হলো অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড?

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১০:৪২ এএম

আগামী ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা ও ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলের নেতৃত্বে থাকছেন মিচেল মার্শ। ফিটনেসের ওপর নির্ভর করে পরবর্তীতে দলে পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।

সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ মিস করা প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন ও কুপার কনোলি এই স্কোয়াডে ফিরেছেন। নির্বাচকদের মতে, উপমহাদেশের কন্ডিশন মাথায় রেখেই দল গঠন করা হয়েছে। স্পিন বিভাগে জোর দিয়েছে অস্ট্রেলিয়া। অভিজ্ঞ অ্যাডাম জাম্পার সঙ্গে রয়েছেন ম্যাথিউ কুনেম্যান, কুপার কনোলি, গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাথিউ শর্ট। এ ছাড়া ব্যাটিং অল-রাউন্ডার হিসেবে আছেন মার্কাস স্টয়নিস।

নির্বাচক প্যানেলের চেয়ারম্যান জর্জ বেইলি জানান, সাম্প্রতিক সাফল্যের কারণে ভারসাম্যপূর্ণ দল বাছাই করার সুযোগ পেয়েছেন তারা। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে কামিন্স, জশ হ্যাজেলউড ও টিম ডেভিড বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন। বাঁহাতি পেসার না রাখার সিদ্ধান্তও আলোচনায় এসেছে। মিচেল স্টার্ক এই সংস্করণ থেকে অবসর নেওয়া এবং স্পেন্সার জনসনের চোটের কারণে ডানহাতি পেসার জেভিয়ার বার্টলেটকে দলে নেওয়া হয়েছে। বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের দল এখনও ঘোষণা করা হয়নি।

অস্ট্রেলিয়ার প্রাথমিক দল: মিচেল মার্শ অধিনায়ক, জেভিয়ার বার্টলেট, কুপার কনোললি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত