ব্রাজিল জাতীয় দলে ফিরে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলার লক্ষ্য সামনে রেখে শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি বাড়াতে সম্মত হয়েছেন নেইমার। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নতুন এই চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। আর আগামী মে মাসে ঘোষণা করা হবে ব্রাজিলের চুড়ান্ত বিশ্বকাপ দল।
৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা ফুটবলার দীর্ঘদিন চোটে ভোগার পর গত নভেম্বর মাসে হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে মাঠে ফেরেন। ফেরার পর দারুণ ছন্দে ছিলেন। ৭ ম্যাচে করেন ৫ গোল, যার মধ্যে জুভেনতুদির বিপক্ষে একটি হ্যাটট্রিকও রয়েছে। এই সময়টাতে সান্তোসের অধিনায়ক হিসেবেও খেলেছেন তিনি। সম্প্রতি নেইমারের বাম হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। তিনি সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় আছেন।
সান্তোসের সাথে গতকাল ৩১ ডিসেম্বর নেইমারের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। কার্লো আনচেলত্তির বিশ্বকাপ পরিকল্পনায় জায়গা করে নিতে সান্তোসে থেকে যাওয়াকেই সবচেয়ে ভালো পথ হিসেবে দেখছেন নেইমার। ডিসেম্বরের শুরুতে নেইমার আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, সুযোগ পেলে বিশ্বকাপের ফাইনালে গোল করে ট্রফি দেশে ফিরিয়ে আনবেন তিনি। আনচেলত্তিও তার জন্য দরজা পুরোপুরি বন্ধ করেননি, তবে কঠিন শর্ত দিয়েছেন।
ভয়াবহ হাঁটুর চোটের কারণে ২০২৩ সালের সেপ্টেম্বরের পর থেকে আর জাতীয় দলের জার্সি গায়ে চাপানো হয়নি নেইমারের। বার্সেলোনা ও পিএসজি ঘুরে আল হিলাল হয়ে ফের সান্তোসে যোগ দেওয়ার পর চোটের কারণে মোট ৮৯টি ম্যাচ মিস করেছেন তিনি। তবুও গত মৌসুমে সান্তোসকে অবনমন থেকে বাঁচাতে বড় ভূমিকা রেখেছেন। লিগে তিনি ১১টি গোল এবং ৪টি অ্যাসিস্ট করেছেন।
সবচেয়ে বেশি গোল করা ব্রাজিলিয়ান ফুটবলার হওয়া সত্ত্বেও নেইমারের জন্য জাতীয় দলে ফেরার লড়াইটা সহজ নয়। এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন নেইমার। বিশ্বকাপে খেলার সম্ভাবনা বাড়াতে তিনি বিশেষ চিকিৎসার পথও বেছে নিচ্ছেন। জানা গেছে, ব্রাজিলের খ্যাতনামা ফিজিওথেরাপিস্ট এদুয়ার্দো সান্তোস তার দায়িত্ব নিয়েছেন। ‘ডক্টর মিরাকল’ নামে পরিচিত এই বিশেষজ্ঞ এর আগে ফিলিপে কুতিনহো ও মাথেউস কুনহাকে চোটমুক্ত করতে বিশেষ ভূমিকা রাখেন।
কেমন হলো অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড?
বিসিবির নজরদারিতে নোয়াখালী এক্সপ্রেসের সহকারী কোচ নিয়াজ খান