ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিনে নরসিংদী-২ পলাশ ও নরসিংদী-৪ মনোহরদী-বেলাব সংসদীয় আসনে বাদ পড়ছেন ৪ জন প্রার্থী। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) নির্ধারিত দিনে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় প্রার্থীতা যাচাই-বাছাইয়ে বাদ পড়েন ৪জন প্রার্থী।
এর আগে জমাদানের শেষ দিন পর্যন্ত ২৯ ডিসেম্বর নরসিংদীর পলাশ আসনে ৮ জন এবং মনোহরদী-বেলাব আসনে ৯জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা হলো, ঋণ খেলাপির দায়ে নরসিংদী-২ (পলাশ) ইসলামী আন্দোলন বাংলাদেশের ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদ, শর্ত পূরণ না হওয়ায় জাতীয় পার্টির এ.এন.এম রফিকুল আলম সেলিম, মনোননপত্রের কাগজপত্র সঠিক না থাকায় ইনসানিয়াত বিপ্লব থেকে মোহাম্মদ ইব্রাহিম এবং প্রস্তাবকারীর স্বাক্ষর মিল না থাকায় নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বাংলাদেশ কংগ্রেসের শফিকুল ইসলাম।
রিটার্নিং কর্মকর্তা ও নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নরসিংদীর পাঁচটি আসনের মধ্যে ২টি আসনে কার্যবিধি অনুযায়ী আজ প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম পরিচালিত হয়। আবেদনপত্রের শর্তপূরণ না হওয়ায় দুই আসনে ৪ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তারা আপিল কার্যক্রমে অংশ নিতে পারবে।
