খেজুরের রস ডেলিভারি দিতে গিয়ে গাড়ি চাপায় মৃত্যু

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৭:১৬ পিএম

খেজুরের রস ডেলিভারি দিতে গিয়ে গাড়ি চাপায় মৃত্যু বরণ করেছে নোনাগাজীর বাদশা ফয়সাল নামে এক যুবক। আজ শুক্রবার ভোরে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলা পেট্টল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

সে উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের ওসমান আলী মিয়াজী বাড়ির মৃত সাহাব উদ্দিনের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাদশা ফয়সাল বাইকে খেজুরের রস নিয়ে ফেনী যাওয়ার সময় সোনাগাজী-ফেনী আঞ্চলিক সড়কের ডাকবাংলো পেট্রোল পাম্পের সামনে পৌঁছলে একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। পরে  স্থানীয় লোকজন উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে রয়েছে।নিহতের স্ত্রী, এক মেয়ে ও দুই পুত্র সন্তান রয়েছে।এশার নামাজের পর নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, সে কর্মঠ ও নিষ্ঠাবান যুবক ছিলেন। আগে ফারইস্ট লাইফ ইন্স্যুরেঞ্চ কোম্পানির সোনাগাজী শাখার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।পরে অনলাইনে ব্যবসা শুরু করেন। এ শীতে সে খেজুরের রস সংগ্রহ করে অনলাইনে অর্ডার নিয়ে গ্রাহকের কাছে পৌঁছে দিতেন। আজ উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকা থেকে রস সংগ্রহ করে ডেলিভারি দিতে ফেনীতে যাওয়ার পথে গাড়ী চাপায় মৃত্যুবরণ করেন।

এ দিকে মৃত্যুর আগে রস সংগ্রহ করতে গিয়ে তার লাইভ ভিডিও বক্তব্য ভাইরাল হয়েছে।ওই ভিডিওতে উপদেশ ও পরামর্শমূলক বক্তব্য সোনাগাজীর মানুষদের আবেগীত করেছে।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ পৌঁছার আগে তাকে  উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত