আনসার-ভিডিপি'র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত।
আজ শুক্রবার (২ জানুয়ারি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ হতে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আনসার-ভিডিপি সদর দপ্তর, আভি একাডেমী, রেঞ্জ কার্যালয়, জোন, জেলা ও আনসার ব্যাটালিয়ন ইউনিট পর্যায়ে কেন্দ্রীয় মসজিদসমূহে পবিত্র জুম্মার নামাজের পর বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এই বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। দোয়া ও মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদৌস নসিব ও পরকালীন মুক্তি প্রার্থনা করা হয়। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য, শক্তি ও মনোবল দানের জন্য দোয়া করা হয়।
বরেণ্য এই রাজনৈতিক নেত্রীর ইন্তেকালে দেশ গভীর শোকাহত। তার প্রতি সম্মান ও শোক প্রকাশে অন্তর্বর্তীকালীন সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতির এই শোকের মুহূর্তে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে এবং শোকাত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে
