প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিদেশি রাষ্ট্রগুলো বাংলাদেশের নির্বাচন নিয়ে ভালো আগ্রহ দেখাচ্ছে। তারা চাচ্ছে ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসবে। এ দেশের সব মানুষ ভোট দিতে পারে সেটার জন্য কাজ করে যাচ্ছে সরকার। গতকাল শুক্রবার মাগুরায় হরের নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সেবাশ্রমের অধ্যক্ষ মহারাজ শ্রী শ্রী চিন্ময়ানান্দ দাস চঞ্চল, তরুণ ভৌমিকসহ অন্যরা।
আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে প্রেস সচিব বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ তেমন একটা দেখি না। মূল কথাটা কি আপনি বা আমি সবাই ভুল করি; ভুল থেকে তো শিক্ষা নেন। ক্ষমা চান, অনুতপ্ত হন। ১৭ মাস হয়ে গেল কেউ কি ক্ষমা চেয়েছে, অনুতপ্ত হয়েছে? তিনি বলেন, আওয়ামী লীগের যে সব নেতাকর্মী বাইরে চলে গেছে, তারা হেন মিথ্যা নাই যা বলছে না। তারা বলছে, ৩ হাজার পুলিশ মেরে ফেলা হয়েছে। বলছে, জুলাই-আগস্টে আন্দোলন করা লাখ লাখ ছেলে মেয়েরা সব জঙ্গি। আরও ভয়ংকর সব কথাবার্তা বলছে।
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে জানতে চাইলে শফিকুল আলম বলেন, বাংলাদেশের মানুষ তাদের নেবে কেন? তাদের ভুলটা বোঝার সময়ও তো এখন আর নেই। ১৭ মাস পেরিয়ে এসেছে, এখন যদি বলে, আমি ভুল করেছিলাম; সরি, এখন তো নমিনেশন নেওয়ার সময়ও শেষ। হাদি হত্যাকারী নিজেকে নির্দোষ দাবি করে দুবাই থেকে যে ভিডিও আপলোড করছে এ ব্যাপারে প্রেস সচিব জানান, আমাদের সিকিউরিটি ফোর্স এবং তদন্ত টিম প্রত্যেকটা ভিডিও যাচাই-বাছাই করছে। তার বিষয়ে যতটুকু জানা গেছে পুলিশ ইতিমধ্যে ইনফর্ম করেছে। নতুন ইনফরমেশন এলে সেগুলোও জানাবে।
