বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ডিসেম্বরে নিলামে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি।
তবে বাংলাদেশের সঙ্গে ভারতের চলমান কূটনৈতিক উত্তেজনার জেরে তাকে বাদ দিয়ে বিকল্প বেঁছে নিতে ফ্র্যাঞ্চাইজিটিকে নিদের্শ দিয়েছে বিসিসিআই।
বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে জানান, 'সাম্প্রতিক যেসব ঘটনা ঘটছে, তার প্রেক্ষিতে বিসিসিআই কেকেআরকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বলেছে। বিসিসিআই আরও বলেছে, তারা যদি খেলোয়াড় বদলাতে চায়, বিসিসিআই সেই অনুমতিও দেবে।’
বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক অস্থিরতার ফলে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপিসহ কট্টর হিন্দুত্ববাদীরা বিসিসিআইয়ের ওপর চাপপ্রয়োগ করছিল। সে চাপের মুখেই শেষ পর্যন্ত নতি স্বীকার করল বিসিসিআই।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার খবর সামনে আসার পর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মোস্তাফিজের চুক্তিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ২০২৬ আইপিএলে মোস্তাফিজের অংশগ্রহণ নিয়েও ভারতে কেউ কেউ প্রশ্ন তোলেন। দেশটির ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর এর আগে এএনআইকে বলেন, ‘কেকেআরের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও তাদের শীর্ষ নেতৃত্বের ওই ক্রিকেটারকে (মোস্তাফিজুর রহমান) দল থেকে সরিয়ে দেওয়া উচিত।’
মোস্তাফিজকে কেনায় কলকাতা নাইট রাইডার্সের মালিক এবং বলিউড কিংবদন্তি শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ বলেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা সঙ্গীত সোম।
