বগুড়া ৬ ও ৭

তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা, দুই আসনে বাতিল ৪ জনের

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করায় বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে তার নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এই দুই আসনে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, বগুড়া সদর আসনে তারেক রহমানসহ দুইজনের মনোনয়ন বৈধ ও তিনজন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এই আসনে প্রার্থী হতে চাওয়া ৫ জনের মনোনয়নপত্র যাচাই শেষে শনিবার সকাল ১০টা ২০ মিনিটে এ ঘোষণা করেন তিনি।

এই আসনে মনোনয়ন বৈধ হওয়া দুজন হলেন, তারেক রহমান ও  জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল। এই আসনে মনোনয়ন বাতিল হওয়া তিনজন হলেন, বাসদ মনোনীত প্রার্থী দিলরুবা নূরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) আব্দুল্লাহ আল ওয়াকী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু নুমান মো. মামুনুর রশিদ।

অপরদিকে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মনোনয়নপত্র দাখিল করেন ৫ জন। এই আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। বাকি ৪ জনের মধ্যে ৩ জনের বৈধ ও একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত মোরশেদ মিল্টন, জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম। বাতিল হওয়া একজন হলেন, দলীয় মনোননয়ন সঠিক না থাকা বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আনছার আলী।

জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করায় তার নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে যাচাই-বাছাই শেষে যাদের মনোনয়নপত্র সঠিক তাদেরটা গ্রহণ করা হয়েছে এবং যাদের তথ্য গোপন ও অসম্পূর্ণ তাদের বাতিল করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত