বৃথা ওয়ার্নারের সেঞ্চুরি, রিশাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দাপুটে জয় হোবার্টের

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৬:৫১ পিএম

১৪ বছর পর বিগ ব্যাশ লিগে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিও সিডনি থান্ডারের কাজে লাগেনি। বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের আঁটসাঁট বোলিং এবং ব্যাটারদের কার্যকর পারফরম্যান্সে ৬ উইকেট ও ১৩ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে হোবার্ট হারিকেন্স।

ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিডনি থান্ডার—প্রথম দুই বলেই হারায় দুটি উইকেট। এরপর একপ্রান্ত আগলে দলকে টানেন ওয়ার্নার। ২৮ বলে ফিফটি ছুঁয়ে ৫৭ বলে শতক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৬৫ বলে ১৩০ রানে অপরাজিত থাকেন এই বাঁহাতি ওপেনার; ইনিংসজুড়ে ছিল ১১টি চার ও ৯টি ছক্কা। ওয়ার্নারের সঙ্গে নিক ম্যাডিসন করেন ৩০ রান, স্যাম বিলিংস যোগ করেন ২০। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান তোলে থান্ডার।

তবে বড় ইনিংসের আগেই ওয়ার্নারের বিদায় হতে পারত। রিশাদের করা ষষ্ঠ ওভারে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি, কিন্তু ২৫ রানে থাকা ওয়ার্নারের ক্যাচ ধরতে ব্যর্থ হন টিম ওয়ার্ড। উইকেট না পেলেও রিশাদ ছিলেন দুর্দান্ত নিয়ন্ত্রণে—৪ ওভারে দেন মাত্র ২৯ রান। প্রথম ওভারেই ৩ রান দিয়ে চাপ তৈরি করেন, শেষ স্পেলে আরও কিপটে বোলিং করে ৭.২৫ ইকোনমিতে দলের সবচেয়ে সাশ্রয়ী বোলার হন।

২০৬ রানের লক্ষ্য তাড়ায় হোবার্টের শুরুটা ছিল চোখে পড়ার মতো। মিচেল ওয়েন ও টিম ওয়ার্ড ১০৮ রানের উদ্বোধনী জুটি গড়েন। ওয়েন ৪৫ রানে ফিরলেও ওয়র্ড খেলেন বিধ্বংসী ইনিংস—৪৯ বলে ৯০ রান করে সেঞ্চুরির খুব কাছেই থামেন। এরপর নিখিল চৌধুরী ১৪ বলে অপরাজিত ২৯ এবং ম্যাথু ওয়েড ৫ বলে অপরাজিত ১৩ রান করে সহজেই লক্ষ্য ছুঁয়ে দেন।

এই জয়ে ৭ ম্যাচে ৫ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে হোবার্ট হারিকেন্স। বিপরীতে, ৬ ম্যাচে পঞ্চম হারে তলানিতেই রইল সিডনি থান্ডার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত