ভারতীয় বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) করণীয় বিষয়ে স্পষ্ট নির্দেশনার কথা তুলে ধরেন।
স্ট্যাটাসে আসিফ নজরুল দাবি করেন, 'উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার করে ভারতের ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে।' বিষয়টিকে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য চরম অবমাননাকর বলেও উল্লেখ করেন তিনি।
ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তিনি বিসিবিকে নির্দেশ দিয়েছেন, পুরো ঘটনাটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে লিখিতভাবে ব্যাখ্যা করতে। একই সঙ্গে আইসিসিকে জানাতে বলা হয়েছে—যেখানে একজন চুক্তিবদ্ধ বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে পারেন না, সেখানে ভারতের মাটিতে বাংলাদেশের পুরো জাতীয় দলের বিশ্বকাপ খেলা কতটা নিরাপদ, সে প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসে।
/p>
এ প্রসঙ্গে আসিফ নজরুল আরও জানান, বিসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসির কাছে আবেদন করা হয়।
তিনি এখানেই থেমে থাকেননি। তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে আইপিএল ম্যাচের সম্প্রচার বন্ধ করার বিষয়টিও বিবেচনায় নেওয়া উচিত।
ফেসবুক স্ট্যাটাসের শেষ অংশে আসিফ নজরুল দৃঢ় ভাষায় জানান, কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার কিংবা দেশের মর্যাদা ক্ষুণ্ন করা মেনে নেওয়া হবে না। তার ভাষায়, “গোলামীর দিন শেষ।”
