বিচারের অগ্রগতি না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১২:১৫ পিএম

রাজধানীর ফার্মগেট এলাকায় তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সহপাঠী সাকিবুল হাসান রানার হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছেন। রবিবার (৪ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে তারা ফার্মগেট মোড় ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেন। এতে কারওয়ান বাজার, তেজগাঁও, পান্থপথসহ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বিঘ্নিত হয়। অনেক যাত্রী বাধ্য হয়ে যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন।

সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় এই সড়ক অবরোধে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা বড় ধরনের সমস্যার মুখোমুখি হন। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক শত শিক্ষার্থী স্লোগান দিতে দিতে সড়কে বসে থাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, সহপাঠী সাকিবুল হাসান রানার হত্যার ২৪ দিন পার হলেও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। তারা স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার হস্তক্ষেপ দাবি করেছেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, বিচারে স্পষ্ট অগ্রগতি না হলে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি থাকবে। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেছেন, সাকিবুল মাদকের বিরুদ্ধে কথা বলায় নিহত হয়েছেন।

নিহত সাকিবুল হাসান রানা (১৮) তেজগাঁও কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। গত বছরের ৬ ডিসেম্বর রাতে কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। চার দিন পর, ১০ ডিসেম্বর রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু জানান, সহপাঠীর হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এর আগেও একই দাবিতে একাধিকবার তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিলেন। আজও তারা বিচার দাবিতে ফের আন্দোলনে নেমেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত