ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশে চুরি, ছিনতাইসহ নানাবিধ অপরাধমূলক তৎপরতা বন্ধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা শুরু করেছে ত্রিশাল থানা পুলিশ। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদারের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপন করায় সাধারণ যাত্রী ও চালকদের কিছুটা মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে।
পুলিশ জানায়, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে বেশ কয়েকটি অপরাধপ্রবণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর ফলে অপরাধীদের শনাক্ত করা এবং যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আনা পুলিশের জন্য সহজ হবে। মহাসড়কের যেসব স্থানে টহল পুলিশ অবস্থান বা পার্কিং করে, সেসব জায়গায় পর্যাপ্ত বৈদ্যুতিক বাতি লাগানো হয়েছে।
ত্রিশাল থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, অন্ধকারের সুযোগ নিয়ে অপরাধীরা যেন কোনও সুযোগ না পায় এবং পুলিশ সদস্যরা যেন নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করতে পারে সেজন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে এসব আলোকিত পয়েন্টে পুলিশের টহল আগের চেয়ে অনেক বেশি সক্রিয় ও দশ্যমান হয়েছে।
