সুন্দরবনে ঘুরতে গিয়ে অপহরণের শিকার দুই পর্যটক ও রিসোর্ট মালিককে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার (৪ জানুয়ারি) রাতে কোস্ট গার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই তিনজনকে উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান।
মো. আতিকুর রহমান জানান, যৌথ অভিযানে দাকোপের বানিয়াশান্তা ইউনিয়নে অবস্থিত রিসোর্টসংলগ্ন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। সোমবার এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
দাকোপ থানা সূত্রে আরও জানা যায়, দুই পর্যটক মো. সোহেল ও জনি এবং রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়কে উদ্ধার করে কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
এর আগে শুক্রবার (২ জানুয়ারি) নারী-পুরুষসহ চার পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে আসেন। এদিন দুপুরে তারা সুন্দরবনের ঢাংমারী এলাকায় অবস্থিত ‘রিসোর্ট গোল কানন’-এ বুকিং দিয়ে ওঠেন। পরে বিকেলে রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়সহ চার পর্যটক নৌকায় চড়ে বনের ছোট খালে ঘুরতে বের হন।
এ সময় রিসোর্টসংলগ্ন ওই খাল থেকে নারীসহ ৫ জনকে তুলে নেয় সশস্ত্র দস্যুরা। রাতে দুই নারী পর্যটককে রিসোর্টে ফিরিয়ে দেয় দস্যুরা। তবে রিসোর্ট মালিক ও দুই পুরুষ পর্যটককে জিম্মি করে রাখে। অপহরণের পর দস্যুরা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছিল বলে জানা গেছে। অপহরণের পরপরই উদ্ধার অভিযান শুরু করে থানা পুলিশ, নৌ পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা।
চিন্থিত দুই পর্যটকের নাম সোহেল ও জনি। তারা ঢাকার বাসিন্দা। তাদের বিস্তারিত পরিচয় ও সঙ্গে থাকা নারীদের পরিচয় এখনও স্পষ্ট করা হয়নি। তবে অপহরণের বিষয়টি নিয়ে প্রথম থেকেই রিসোর্ট মালিক ও রিসোর্ট মালিকদের সংগঠন একধরনের লুকোচুরি করে আসছিল। তবে এ ঘটনায় অপহৃত রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়ের এক ভাই বাদী হয়ে দাকোপ থানায় রোববার অপহরণ মামলা দায়ের করেন।
