পূর্বের কঠোর অবস্থান থেকে সরে এসে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ইঙ্গিত দিয়েছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। রবিবার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, 'ভেনেজুয়েলা এবং ভেনেজুয়েলার জনগণের উন্নয়নের স্বার্থে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে এজেন্ডা অব কো-অপারেশন গ্রহণ করতে চাই। এই কর্মসূচি আন্তর্জাতিক আইন ও ফ্রেমওয়ার্ক অনুসারে পারস্পরিক উন্নয়নের লক্ষ্যে কার্যকর হবে।'
রড্রিগেজ আরও বলেন, 'ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র এবং আমেরিকার অন্যান্য দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে চায়। আমাদের দেশ এবং জনগণ শান্তি ও সংলাপ চায়, যুদ্ধ নয়। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বার্তাও এই মুহূর্তে পুরো ভেনেজুয়েলার বার্তা হিসেবে কাজ করছে। শান্তি, উন্নতি, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়ার অধিকার ভেনেজুয়েলার জনগণের আছে।'
এর আগে শনিবার রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করা হয়। বর্তমানে তারা নিউইয়র্কের ফেডারেল কারাগারে বন্দি আছেন। একই সময় ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে এবং আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার নির্দেশ দেয়।
প্রেসিডেন্ট মাদুরোর অপহরণের পর ডেলসি রড্রিগেজ প্রথমে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে কঠোরভাবে নিন্দা করেন। তিনি বলেছিলেন, 'যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তির নিষ্ঠুর অপব্যবহার করেছে এবং ভেনেজুয়েলার জনগণ তার জবাব দেবে।' তবে রবিবারের বিবৃতিতে তিনি আগের কঠোর অবস্থান থেকে কার্যত সরে এসে সহযোগিতামূলক সুর অবলম্বন করেছেন।
