সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে ডাকাতের হামলা, নিহত ২

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০২:৩২ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় একটি স্ক্র্যাপ জাহাজে ডাকাত দলের হামলায় দায়িত্বে থাকা দুই নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। নিহতদের একজনের মরদেহ উদ্ধার করা হলেও অপরজনের মরদেহ খণ্ডিত অবস্থায় পাওয়া গেছে।

রবিবার (৪ জানুয়ারি) রাতের কোনো এক সময় উপজেলার কুমিরা ঘাটঘর এলাকায় অবস্থিত কেআর শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর ইয়ার্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহত দুই নিরাপত্তা প্রহরী হলেন খালেদ প্রামাণিক ও সাইফুল্লাহ। তারা দুজনই গাইবান্ধা জেলার সাদুল্লাপুর সদর থানার আব্দুল্লাহপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুরে একটি স্ক্র্যাপ জাহাজ কাটিংয়ের জন্য ইয়ার্ডে আনা হয়। রাতের বেলায় ডাকাত দল জাহাজে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে।

এ সময় জাহাজে দায়িত্বে থাকা দুই নিরাপত্তা প্রহরী ডাকাতদের বাধা দিতে গেলে ডাকাতরা তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন এবং পরে মারা যান। 

ঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড থানার পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও দেহাংশ উদ্ধার করে। পরে মরদেহ দুটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ডাকাতির ঘটনায় দায়িত্বে থাকা দুই গার্ড নিহত হয়েছেন। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

কেআর শিপ ব্রেকিং ইয়ার্ডের ম্যানেজার আবু সাজ্জাদ মুন্না বলেন, রাতে ডাকাত দল জাহাজে উঠে। দায়িত্বে থাকা গার্ডরা প্রতিরোধ করতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত