ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এছাড়া অভিযান চলাকালে ৩টি লোড ড্রেজার জব্দ করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার বাগমারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রণজিৎ চন্দ্র দাস।
আটককৃতরা হলেন- সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ছগির ঘোষের ছেলে মো. মাকছুদ (২১), ভেদুরিয়া ইউনিয়নের নুর ইসলামের ছেলে মো.মনির (৩৭), চরফ্যাশনের দুলারহাট থাকার আহমেদপুর ইউনিয়নের মো.আলী ফরাজির ছেলে মো.আলমগীর (৪৮), বরিশালের চরমোনাইয়ের আলাউদ্দিন বেপারীর ছেলে মো. হাসান বেপারী (২৯), বরগুনার খাকবুনিয়া ইউনিয়নের মো. ইছহাক ফরাজির ছেলে মো. মিরাজ (৩২)।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনাকালীন অবৈধভাবে বালু উত্তোলনের সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়েছে এবং তিনটি লোড ড্রেজার জব্দ করা হয়েছে। জব্দকৃত তিনটি ড্রেজার বিআইডব্লিউটিএ ভোলা নদী বন্দরের সহকারী পরিচালকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এবিষয়ে বোরহানউদ্দিন থানায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানে স্থানীয় থানা পুলিশ সহযোগিতা করেন। ভবিষ্যতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।
