আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর পক্ষে ভোট চেয়ে মাঠে নেমেছেন তাঁর স্ত্রী ফারহানা রিফাত। স্বামীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার অলিগলি ঘুরে বেড়াচ্ছেন। মাজেদপত্নীকে কাছে পেয়ে ভোটাররা, বিশেষ করে নারী ভোটাররা, বেশ উজ্জীবিত ও আপ্লুত বলে জানা গেছে। এতে ধানের শীষ প্রতীকের প্রতি নারী ভোটারদের ঝোঁক বাড়ছে।
সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাজেদ বাবুর নিজ এলাকা উপজেলার বড়হিত ইউনিয়নের বিভিন্ন বাড়িতে উঠান বৈঠক করেন ফারহানা রিফাত। একই সঙ্গে নওশতী বাজার সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত নারী সমাবেশেও তিনি বক্তব্য দেন।
উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক একেএম হারুন অর রশিদ এবং জাতীয়তাবাদী মহিলা দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি রোকেয়া খাতুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় একেএম হারুন অর রশিদ বলেন, ‘মাজেদ বাবু গত ১৭ বছর ফ্যাসিস্ট শাসনামলেও মামলা-হামলা উপেক্ষা করে দলের নেতাকর্মীসহ ঈশ্বরগঞ্জবাসীর সুখে-দুঃখে পাশে থেকেছেন। ইনশাআল্লাহ তিনি বিপুল ভোটে নির্বাচনে জয়লাভ করবেন।’
উঠান বৈঠক ও মহিলা দলের সমাবেশে ভোট চাইতে গিয়ে ফারহানা রিফাত প্রথমে উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি বলেন, ‘মাজেদ বাবু আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। আপনারা তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।’
এ সময় শাহিদা বেগম নামে এক নারী ভোটার ফারহানা রিফাতকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা আমাদের দিকে খেয়াল রাখবেন।’
জবাবে ফারহানা রিফাত বলেন, ‘মাজেদ বাবু সবসময়ই আপনাদের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। তিনি নিজের সংসারের চেয়েও হাজার গুণ বেশি চিন্তা করেন ঈশ্বরগঞ্জের মানুষকে নিয়ে। আর আমি তো আপনাদের এলাকার পুত্রবধূ— মাজেদ বাবুর পাশাপাশি আমিও সবসময় আপনাদের পাশে থাকব।’
