গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামকে (৪৬) পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার রাতে উপজেলার বৈরাগীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই এছাহাক আলী বাদী হয়ে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।
সাইফুল ইসলাম উপজেলার শাখাহার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি একই ইউনিয়নের খাড়িতা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
জানা গেছে, ওই দিন গভীর রাতে নগরপাড়া হাফেজিয়া মাদ্রাসার পিছনে থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তার সাইফুলের হাতে হ্যান্ডকাফ লাগিয়ে থানায় নিয়ে আসার সময় স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং লাঠি নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে সাইফুল ইসলামকে ছিনিয়ে নেয়।
এ ঘটনায় থানায় দায়ের করা মামলায় সাইফুল ইসলামসহ ২০ জনের নাম উল্লখ করে আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাত পরিচয়ে আরোও ৩০/৪০ জনকে অভিযুক্ত করা হয়েছে
বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ লাইছুর রহমান বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামিসহ অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের জোর তৎপরতা অব্যাহত আছে।
