সাভারের আশুলিয়ায় ২০ বোতল বিদেশী মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৭ জানুয়ারি) সকালে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. সাইদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে আটক ও মদ জব্দের বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার রাতে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন-নোয়াখালী জেলার সদর থানার সূর্য নারায়ণপুর গ্রামের ফারুকের ছেলে রুবেল ইসলাম রাশেদ (২০), একই থানার দামোধরপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে নুর আলম (২৫) ও শেরপুর জেলার সদর থানার আন্দারিয়া কামারপাড়া গ্রামের মৃত মান্নান মিয়ার ছেলে সোহাগ আহম্মেদ রাব্বি (২০) ।
ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, সাভারের আশুলিয়ায় বিদেশী মদে একটি চালানের গোপন সংবাদ পাই। পরে গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তিন ব্যাগ ভর্তি বিদেশী মদ জব্দ করা হয়েছে। এসময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং আটককৃত ব্যক্তিদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
