ভোটের আগে-পরে যে কদিন মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনী!

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েনের পরিপত্র জারি করেছে। ১২ ফেব্রুয়ারির ভোট ঘিরে আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মাঠে থাকবে। 

বুধবার (৭ জানুয়ারি) এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে বলা হয়, ভোটের চার দিন আগে, ভোটের দিন ও ভোটের পরে দুদিন-সর্বমোট সাত দিন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী দায়িত্ব পালন করবে। এবার নির্বাচনে ভোটার রয়েছেন পৌনে ১৩ কোটি। ৩০০ আসনে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে দুই লাখ ৬০ হাজারের মতো ভোটকক্ষ থাকবে।

প্রাথমিক সভায় প্রত্যেক ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ১৩ থেকে ১৮ জন সদস্য রাখার পরিকল্পনার কথা জানানো হয়। এবার ভোটের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ৭ লাখের বেশি সদস্য দায়িত্ব পালন করবেন। ভোটকেন্দ্রের দায়িত্বে আনসার-ভিডিপি সদস্যদের সংখ্যাই হবে সাড়ে ৫ লাখের মতো। সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা ৯০ হাজারের বেশি। এ ছাড়া পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্ট গার্ড থাকবে।

এর আগে দুটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, সচিবসহ রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিস, নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদার করা হয়।

তফসিল ঘোষণার আগে দুই দফা এবং তফসিলের পর বিদ্যমান পরিস্থিতি নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। এরপরই আইন-শৃঙ্খলাবিষয়ক এ পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত