কালিয়াকৈরে শ্রমিকদের বিক্ষোভ মিছিলে পুলিশের টিয়ারশেল

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বুধবার সকাল থেকে প্রথমে কর্মবিরতি পরে বিক্ষোভ মিছিল করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় বিক্ষুব্দ শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে কমপক্ষে ১২ জন পোশাক শ্রমিক আহত হয়েছেন।

এলাকাবাসী, শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের সফিপুর এলাকায় অবস্থিত মাহমুদ ডেনিম লিমিটেড নামে তৈরি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। কারখানার শ্রমিকদের তিন মাস ধরে বেতন দিচ্ছে না কর্তৃপক্ষ। বকেয়া বেতনের দাবী নিয়ে কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করেছেন শ্রমিকরা। কিন্তু তারপরেও তাদের বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। এ নিয়ে গত কয়েকদিন ধরেই কারখানার ভেতর শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরজমান ছিল। প্রতিদিনের মতো বুধবার সকালে কাজে যোগদানের জন্য কারখানার উদ্দেশ্যে বের হন শ্রমিকরা। কিন্তু তারা কাজে যোগদান না করে কারখানার ফটকে কর্মবিরতি শুরু করেন। তারপরও কারখানা কর্তৃপক্ষের সাড়া না পেয়ে উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এক পর্যায় বিক্ষুব্দ শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে পাশের ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করেন।

এতে মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। কিছুক্ষণের জন্য দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে বুঝাতে গেলে ক্ষিপ্ত হয়ে উঠেন শ্রমিকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে মহাসড়ক থেকে ছত্রভঙ্গ হয়ে কারখানার ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। এরপর দুপুরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে পুলিশের টিয়ারশেলে কমপক্ষে ১২ জন পোশাক শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিকদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন সহকর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে কারখানার মালিকপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। বিষয়টি দ্রুত সমাধান হবে। তবে যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত