আগামী ১২ জানুয়ারি (সোমবার) দিনাজপুরের নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নেতার আগমনকে কেন্দ্র করে দুই উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে আয়োজিত পৃথক দুটি দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান।
এরই অংশ হিসেবে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সম্ভাব্য জনসভাস্থল পরিদর্শন করেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি মাঠের অবকাঠামোগত প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং জনসমাগম নিশ্চিত করতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে ডা. জাহিদ হোসেন বলেন, ‘এই সফরটি সম্পূর্ণ অরাজনৈতিক ও ব্যক্তিগত। সফরকালে যেন কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না হয়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। নেতাকর্মীদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে— কোনো ধরনের নির্বাচনী ব্যানার, ফেস্টুন বা প্রচারণামূলক কার্যক্রম করা যাবে না।’
দলীয় সূত্র জানায়, তারেক রহমান এ সফরে কোনো নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন না। সফরকালে তিনি মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ এবং তার নানি তৈয়বা মজুমদারের কবর জিয়ারত করবেন। পাশাপাশি জুলাই আন্দোলনের শহীদ ও গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন।
সাবেক ছাত্রনেতা এ জে এম সাহাবুদ্দিন সুজন বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে অংশ নিতে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আসছেন। এজন্য আমরা ডা. জাহিদ হোসেনের প্রতি কৃতজ্ঞ।’
উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর তারেক রহমানের আগমনে তারা নতুন উদ্দীপনায় উজ্জীবিত। প্রিয় নেতাকে একনজর দেখতে নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
জেলা বিএনপির সহ-সভাপতি তোসাদ্দেক হোসেন তোছা, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক মনজুর এলাহী রুবেল চৌধুরী জানান, বিরামপুর বড়মাঠে বেগম খালেদা জিয়াকে নিয়ে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
