যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। দুই দেশের মধ্যে কয়েকদিনের কড়া মন্তব্য বিনিময় ও হুমকির পর সম্পর্ক অপ্রত্যাশিতভাবে সহজ হওয়ার ইঙ্গিত দিচ্ছে এই তথ্য।
ট্রাম্প ও পেত্রোর মধ্যে বুধবার (৭ জানুয়ারি) দীর্ঘ ফোনালাপে মাদকদ্রব্য পাচার ও অন্যান্য বিবাদ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ট্রাম্প বলেছেন, এই আলাপেই যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে এবং হোয়াইট হাউজে সাক্ষাৎ করার প্রস্তুতি চলছে, যদিও কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
সম্প্রতি ট্রাম্প পেত্রোর সরকারের প্রতি কঠোর অবস্থান নিয়েছিলেন এবং অভিযোগ করেছিলেন যে কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে কোকেইন পাচার হচ্ছে। এমনকি কলম্বিয়ায় সামরিক কর্মকাণ্ডের হুমকিও দিয়েছিলেন। এসময় ট্রাম্প পেত্রোকে 'কোকেইন বানানো ও বিক্রি করা অসুস্থ লোক' হিসেবে আখ্যা দিয়েছিলেন।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে বলেছেন, পেত্রো ফোন করে মাদক পরিস্থিতি ও অন্যান্য বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিয়েছে এবং তিনি তার কলের ভঙ্গি ও ধরণকে প্রশংসা করেছেন। তিনি দ্রুত একটি মুখোমুখি বৈঠক উভয়পক্ষের জন্য আগ্রহের বিষয় বলে উল্লেখ করেছেন।
পেত্রো কলম্বিয়ার প্রথম বামপন্থ নির্বাচিত প্রেসিডেন্ট। বোগোটা থেকে সমর্থকদের কাছে বলেছেন যে আলোচনায় যোগ দিয়ে তিনি পরিস্থিতি শান্ত ও সমাধানের পথ তৈরির চেষ্টা করছেন। তিনি বলেছেন, যোগাযোগ না থাকলে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠতে পারতো।
ট্রাম্প ও পেত্রোর মধ্যে সম্পর্ক ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় গ্রহণের পর থেকেই উত্তেজনাপূর্ণ ছিল। বিভিন্ন সময় মাদক নীতিমালা, নিষেধাজ্ঞা, দ্বিপাক্ষিক সম্পর্ক ও ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের কারণে দুই দেশের মধ্যে টানাপোড়েন বৃদ্ধি পেয়েছে।
তবে বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্প ও পেত্রোর সম্পর্ক এখনও অস্থির ও পরিবর্তনশীল, যেখানে কড়া হুমকি থেকে কূটনৈতিক সমাধানের চেষ্টা-উভয়ই লক্ষ্য করা যাচ্ছে।
