উচ্চ আদালতে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা (জিরো টলারেন্স) নীতি অবলম্বন করবে সুপ্রিম কোর্ট প্রশাসন। কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে, সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত বুধবার প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানানো হয়। এতে বলা হয়েছে, আইনজীবী, আইনজীবী সহকারী বা কোনো ব্যক্তি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল, সমাবেশে অংশ নিতে পারবে না। সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ৯টায় কর্মস্থলে হাজির হওয়া, অফিসে উপস্থিতি ও প্রস্থান, নির্ধারিত ডেস্কে সার্বক্ষণিক উপস্থিতি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
×
