হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৭:৩৫ পিএম

হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নে পূর্ব  বিরোধের জের ধরে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। 

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত ব্যক্তির নাম হিরাজ মিয়া (৫৫)। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুল্লা ইউনিয়ন পরিষদের সদস্য আলাল মিয়া ও মুখলেছ মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন জমি ও জলমহালসহ নানা বিষয়ে বিরোধ চলছে। এর আগেও তাদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে। ফলে তাদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়েও ঝগড়াঝাটি চলে।

শুক্রবার সকালে দুইপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে নামে। এসময় হিরাজ মিয়া গুরুতর আহত হন। তাকে হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়াও উভয়পক্ষের ২০ জন ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। নিহত হিরাজ মিয়ার মরদেহ হবিগঞ্জ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত