স্থানীয় সরকার উপদেষ্টা বললেন

জুলাই অভ্যুত্থানের পরিবর্তন চিরস্থায়ী হবে

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৭:৫১ এএম

বাংলাদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে অভূতপূর্ব পরিবর্তন এনেছে, তা চিরস্থায়ী থাকবে বলে মন্তব্য করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যারা দেশের বাইরে বা সীমান্তের ওপার থেকে ভোটাধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা দেশের ভেতরে কোনো জায়গা করতে পারবে না।’

গতকাল শুক্রবার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ বেদিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নির্বাচন ও গণভোট প্রসঙ্গে উপদেষ্টা আদিলুর রহমান বলেন, গণভোটের বিষয়টি এখন আমাদের সামনে প্রধান বিষয়। যারা জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, তারাই আগামী নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা যে সনদে স্বাক্ষর করেছেন, সেই অনুযায়ী তারা গণভোটের পক্ষেই থাকবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি আরও বলেন, গণভোটের বিষয়ে জনসচেতনতা তৈরি করতে সারা দেশে জেলা প্রশাসনের নেতৃত্বে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। এর আগে দুপুরে উপদেষ্টা সুনামগঞ্জের শিল্প ও অবকাঠামো উন্নয়ন পরিস্থিতি পর্যবেক্ষণে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি পরিদর্শন করেন। এ ছাড়া এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন ‘ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন’ প্রকল্পের আওতায় ছাতক-কাটাখালী (আরএইচডি) ভায়া দোয়ারাবাজার সড়ক উন্নয়ন কাজ সশরীরে পরিদর্শন করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত