রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১১:১৪ এএম

জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীদের দায়ের করা আপিল আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। 

আজ শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার কর্মকর্তা মো. আরিফুর রহমান জানিয়েছেন, কমিশনে দায়ের করা আপিলগুলোর শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। এ সময় প্রতিদিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী আপিলগুলোর শুনানি গ্রহণ করা হবে।

শুনানিকক্ষে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি আপিলের ক্ষেত্রে আপিলকারীসহ সর্বোচ্চ তিনজনের বেশি কেউ শুনানি কক্ষে প্রবেশ করতে পারবেন না। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে মোট ২ হাজার ৫৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করেন।

গত সোমবার থেকে আপিল আবেদন জমা নেওয়া শুরু হয়। প্রথম দিনে ৪২টি, দ্বিতীয় দিন মঙ্গলবার ১২২টি, তৃতীয় দিন বুধবার ১৩১টি, চতুর্থ দিন বৃহস্পতিবার ১৭৪টি এবং শেষ দিনে অন্তত ১৭৬টি আপিল আবেদন জমা পড়ে। এভাবে পাঁচ দিনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা হয়েছে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত