সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সাতক্ষীরায় সরকারের আইন সহায়তা (লিগাল এইড) কার্যক্রমকে আরও কার্যকরভাবে জনসমক্ষে তুলে ধরার লক্ষ্যে একটি জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) মোজাফফর গার্ডেন অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, সিভিল সোসাইটি ও স্থানীয় সমাজকর্মীরা অংশ নেন। সভার সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরম্নল ইসলাম।
সভায় বলা হয়, ন্যায়বিচার শুধু আদালতের রায়েই সীমাবদ্ধ নয়; মানুষের আস্থা অর্জনকেই প্রকৃত বিচার বলা যায়। লিগাল এইড কার্যক্রম দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সহিংসতা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বক্তারা সরকারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও নারী ও শিশুদের আইনি অধিকার সম্পর্কে শিক্ষা দিতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রজেক্ট ম্যানেজার শিল্পী শর্মা বলেন, আইন সহায়তা যেন কেবল কাগজে সীমাবদ্ধ না থাকে, বরং মানুষের জীবনে বাস্তব প্রভাব ফেলে। নেদারল্যান্ডের তেরে দেশ হোমস প্রতিনিধি নুরম্নল কবিরও স্থানীয় লিগাল এইড কার্যক্রম শক্তিশালী হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন।
সভায় অংশগ্রহণকারীরা লিগাল এইড সম্প্রসারণ, তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারের সুপারিশ করেন। সভা শেষে সকল পক্ষ ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহযোগিতা ও দায়বদ্ধতা রক্ষা করার অঙ্গীকার করেন।
