৫০ জন থেকে ২৬ জনকে বিশ্বকাপে নেবেন স্কালোনি

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৩১ এএম

আর্জেন্টিনার কিছু সংবাদমাধ্যম থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়েছে। ২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ২৬ জনের স্কোয়াড নাকি মোটামুটি চূড়ান্ত! কিন্তু লিওনেল স্কালোনির কথা শুনে বোঝা যাচ্ছে, এখনো স্কোয়াড চূড়ান্ত করার ধারেকাছেও নেই তিনি। হ্যাঁ, যেহেতু তিনি আর্জেন্টিনা জাতীয় দলের কোচ এবং এত বছর ধরে দলটার দেখভাল করছেন, তাই মনে মনে বিশ্বকাপের স্কোয়াড গড়া রূপরেখা হয়তো তিনি দাঁড় করিয়েছেন। তবে সেটাই যে চূড়ান্ত কোনো কিছু নয়, তা বোঝা যায় নতুন বছরে দেওয়া স্কালোনির প্রথম সাক্ষাৎকারে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) স্টুডিওকে (এএফএ স্টুডিও) সাক্ষাৎকার দিয়েছেন স্কালোনি। সেখানে বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড নিয়ে আর্জেন্টিনা কোচ বলেন, ‘আমাদের কাছে প্রায় ৫০ জন খেলোয়াড়ের তালিকা আছে, যাদের সামর্থ্য প্রায় একই। যে কেউ জায়গা পেতে পারে। চোট এবং বাজে পারফরম্যান্সে খেয়াল রাখতে হয়, যেখানে আমরা কোনো ছাড় দিই না।’

প্রাথমিক তালিকাটা কেন এত বড়, সে বিষয়ে স্কালোনির ব্যাখ্যা, ‘সর্বশেষ বিশ্বকাপে টুর্নামেন্টের খুব কাছাকাছি গিয়ে কয়েকজন খেলোয়াড় চোটে পড়েন। তাই কাউকে বিবেচনার বাইরে রাখার সুযোগ নেই। আর এ কারণেই আমাদের (খেলোয়াড়) তালিকাটা একটু বড়।’

ছুটির সময় রোসারিওর কাছে ফুনেসে লিওনেল মেসির বাড়িতে গিয়ে দেখা করেন স্কালোনি। এই সাক্ষাৎ ঘিরে মেসির জাতীয় দল ভবিষ্যৎ ও ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে জল্পনা শুরু হলেও কোচ বিষয়টিকে স্বাভাবিক যোগাযোগের অংশ হিসেবেই ব্যাখ্যা করেছেন, স্কালোনি বলেন, ‘আমি অনেক খেলোয়াড়ের সঙ্গেই কথা বলেছি, বেশির ভাগের সঙ্গেই। আমার লক্ষ্য হলো তাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং ভবিষ্যৎ সম্পর্কে ধারণা দেওয়া।’ তিনি স্পষ্ট করেন, ভৌগোলিক কাছাকাছির কারণেই মেসির সঙ্গে সরাসরি দেখা করা সহজ হয়েছিল। ‘আমি তার বাড়ির কাছেই ছিলাম। তাই যাওয়া কঠিন ছিল না। ছবি প্রকাশ পাওয়ায় বিষয়টা সামনে এসেছে, লুকানোর কিছু নেই। কখনো ফোনে, কখনো সরাসরি এই যোগাযোগটা আমি রাখি।’

মেসির মানসিকতা নিয়ে স্কালোনির মন্তব্য ছিল পরিষ্কার ও দৃঢ়। ‘যারা তাকে চেনে, তারা জানে সে কখনোই ঢিলেঢালা হবে না। সে জন্মগত প্রতিযোগী, সব সময় খেলতে ও জিততে চায়।’ কোচের মতে, এই মানসিকতা পুরো দলের ওপর প্রভাব ফেলে, ‘একজন অধিনায়ক যদি এমন আচরণ করে, তাহলে সতীর্থদের জন্য সেটা দারুণ উদাহরণ। তরুণদের জন্য এটাই তার রেখে যাওয়া সবচেয়ে বড় উত্তরাধিকার।’ তবে ২০২৬ বিশ্বকাপে মেসির খেলা নিয়ে কোনো নিশ্চয়তা দেননি স্কালোনি, ‘এটা পরে দেখা যাবে। এখনো সময় আছে, আমরা তাকে চাপ দিতে চাই না। সে যেন শান্তভাবে নিজের সিদ্ধান্ত নিতে পারে এটাই গুরুত্বপূর্ণ।’

থিয়াগো আলমাদার ধারাবাহিকতা না পাওয়ার বিষয়টিও উঠে আসে। আতলেতিকো মাদ্রিদে অনিয়মিত খেলছেন আলমাদা, পালমেইরাসে যাওয়ার গুঞ্জনও রয়েছে। স্কালোনি বলেন, ‘আমরা কেবল ফুটবলের দিকটাই দেখি সে আমাদের চাওয়া মানে খেলছে কি না। আমাদের কাছে সে গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’

কাতার বিশ্বকাপজয়ী দলের অনেক খেলোয়াড়ের ওপর আস্থা রাখার কারণ ব্যাখ্যা করে স্কালোনি বলেন, ‘তাদের বয়স ও অভিজ্ঞতা আছে, আগের বিশ্বকাপ খেলেছে এটাই বড় বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো পারফরম্যান্স। বিশ্বকাপ জয়ের পর তারা বদলের কারণ দেয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত