বিজ্ঞাপন সংস্থাগুলোর সংগঠন অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি), বাংলাদেশের জন্য গুগলের অনুমোদিত অংশীদার আলেফের সহযোগিতায় এআইচালিত বিজ্ঞাপন বিষয়ে একটি সেশনের আয়োজন করে। এএএবি সদস্য এজেন্সিগুলোর সিনিয়র নেতৃত্বকে কেন্দ্র করে আয়োজিত ক্লোজড-ডোর সেশনটি গতকাল শনিবার ঢাকায় আলেফ এইচকিউতে অনুষ্ঠিত হয়। সেশনটি পরিচালনা করেন টারা ইউন, গুগল অ্যাডস বিজনেস লিড (বাংলাদেশ ও শ্রীলঙ্কা)।
এএএবির পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সানাউল আরেফিন, সাধারণ সম্পাদক সৈয়দ আহসানুল আপন এবং যুগ্ম সম্পাদক এম এ মারুফ। আলেফের পক্ষে উপস্থিত ছিলেন এহসানুল হক (কান্ট্রি ডিরেক্টর, বাংলাদেশ ও শ্রীলঙ্কা) এবং আহসানুর রহমান (পার্টনার ডিরেক্টর, বাংলাদেশ ও শ্রীলঙ্কা)। সেশনে দেশের ২২টি বিজ্ঞাপন সংস্থা অংশ নেয়।
আলোচনায় টারা ইউন তুলে ধরেন, এআই কীভাবে গুগলের বিজ্ঞাপন ইকোসিস্টেমে মিডিয়া পরিকল্পনা, পারফরম্যান্স অপটিমাইজেশন, ক্রিয়েটিভ কার্যকারিতা ও মেজারমেন্টকে আরও কার্যকর করে তুলছে। পাশাপাশি তিনি ব্যাখ্যা করেন, এজেন্সিগুলো কীভাবে এআইচালিত টুল ব্যবহার করে কাজের দক্ষতা বাড়াতে এবং পরিমাপযোগ্য ব্যবসায়িক ফল অর্জন করতে পারে।
বিজ্ঞাপন শিল্পের পরিবর্তনশীল বাস্তবতা নিয়ে মুক্ত আলোচনা এবং একটি ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেশনটি শেষ হয়। বিজ্ঞপ্তি
