ইফতেখারের ঘুম পাড়ানি ব্যাটিং দেখে নিশামেরও কি ঘুম পেল?

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০২:২৩ পিএম

বিপিএলে আজ মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স এবং রাজশাহী রয়্যালস। টস হেরে ব্যাটিংয়ে নেমে রাজশাহীর দুর্দান্ত বোলিং আক্রমণের মুখে পড়ে রংপুর। ওপেনিংয়ে নামা তাওহীদ হৃদয় ছাড়া বাকি সবাই দেখালেন ঘুম পাড়ানি ব্যাটিংয়ের প্রদর্শনী। এই কাণ্ড দেখে প্রতিপক্ষ ক্রিকেটাররা মজা করতে ছাড়েননি।

সন্দ্বীপ লামিচানের বলে রানখরায় ভুগতে থাকা লিটন দাস (১৪ বলে ১১) আউট হতে চার নম্বরে ব্যাটিংয়ে নামেন পাকিস্তানের ইফতেখার আহমেদ, যাকে তার সতীর্থরা ‘চাচা’ বলেই সম্বোধন করেন। একসময়ের মারমুখী ব্যাটার ইফতেখার এদিন যেন বলই চোখে দেখছিলেন না। শট খেলা তো বহুদূরের ব্যাপার।

১৫ বল উইকেটে থেকে ইফতেখার করেন মাত্র ৮ রান, নেই কোন বাউন্ডারি। শেষ পর্যন্ত তাকে ‘মুক্তি’ দেন তানজিম সাকিব। তরুণ এই পেসারের বলে ইফতেখারের ক্যাচ নেন জিমি নিশাম। ক্যাচ নিয়েই তিনি হাসতে হাসতে দুই হাত মাথার পাশে নিয়ে ঘুমিয়ে পড়ার ভঙ্গি করেন। খোঁচাটা যে তিনি ইফতেখারকেই মেরেছেন, সেটা আর বলে দিতে হয় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত