১৮ জানুয়ারি থেকে পাঁচ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬’। পাঁচ দিনব্যাপী এই বইমেলা শুরু হবে আগামী ১৮ জানুয়ারি এবং চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে বইপ্রেমীদের জন্য খোলা থাকবে মেলার কক্ষ।

বইমেলার উদ্বোধন করবেন শহীদ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাকসুর ভাইস প্রেসিডেন্ট আবু সাদিক কায়েমসহ অন্যান্য নেতারা।

আজ সোমবার (১২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে বইমেলার আয়োজনের তথ্য জানান ঢাবি লেখক ফোরামের সভাপতি আশিক খান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবিদ হাসান রাফি এবং ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের সভাপতি আশিক খান বলেন, ‘শহীদ ওসমান হাদি শুধুমাত্র একজন ব্যক্তি নন—তিনি আমাদের সময়ের প্রতিবাদী চেতনার নাম। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার এক অনন্য প্রতীক। ভারতীয় আধিপত্যবাদ, ফ্যাসিবাদ ও দমন-পীড়নের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থান আজও তরুণ সমাজকে অনুপ্রাণিত করে। শহীদ ওসমান হাদির জীবন, আদর্শ ও সংগ্রামকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা, চিন্তা ও পাঠের মাধ্যমে প্রতিবাদী চেতনাকে জাগ্রত করা, এবং বইকে প্রতিরোধ ও মুক্তচিন্তার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করা এই বইমেলার মূল উদ্দেশ্য।’

তিনি আরও জানান, মেলায় থাকবে বিভিন্ন প্রকাশনার বইয়ের স্টল, স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান, সেমিনার, তরুণ লেখক ও পাঠকদের সক্রিয় অংশগ্রহণে আলোচনা, এবং শহীদ ওসমান হাদির জীবন ও সংগ্রামভিত্তিক বিশেষ আয়োজন। ‘আমরা বিশ্বাস করি, এই বইমেলা শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি হবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর, চিন্তার স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে উচ্চকণ্ঠ হওয়ার এক মিলনমঞ্চ।’

ডাকসুর সাহিত্য সম্পাদক মুসাদ্দিক বলেন, ‘শহীদ শরিফ ওসমান হাদির সাংস্কৃতিক লড়াইকে এগিয়ে নিতে আমাদের এই আয়োজন। আমরা প্রতিবার এই বইমেলাকে অব্যহত রাখব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত