রাজধানীর দক্ষিণ বনশ্রীতে দশম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার লিলিকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন মিলন মল্লিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। র্যাবের দাবি, নিহত কিশোরীর প্রস্তাবে সাড়া না পাওয়ার ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
র্যাব-৩ জানায়, গ্রেপ্তার মিলনের সঙ্গে নিহত লিলির পরিচয় ও সুসম্পর্ক ছিল। সেই সূত্রে মিলন বিভিন্ন সময় ইঙ্গিতপূর্ণভাবে তার প্রতি আগ্রহ প্রকাশ করত। একপর্যায়ে সে লিলিকে জানায়, পরিবারের অনুপস্থিতিতে তাকে নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, গত শনিবার ১০ জানুয়ারি দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে লিলিকে বাসায় একা পেয়ে মিলন তার সঙ্গে চলে যাওয়ার প্রস্তাব দেয়। তবে লিলি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ক্ষুব্ধ হয়ে মিলন ওই সময়ই হত্যাকাণ্ড ঘটায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব আরও জানিয়েছে, এই হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত প্রেক্ষাপট ও বিস্তারিত তথ্য জানতে গ্রেপ্তার মিলনকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি ঘটনাটির সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে, সোমবার ১২ জানুয়ারি সকালে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় মিলনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। বাগেরহাট সদর থানা এলাকায় র্যাব-৩ ও র্যাব-৬ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
গত শনিবার দক্ষিণ বনশ্রীর একটি ভাড়া বাসায় ধারালো অস্ত্রের আঘাতে গলাকাটা অবস্থায় ফাতেমা আক্তার লিলির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ওইদিন দুপুর ২টা থেকে বিকেল ৪টার মধ্যবর্তী সময়ে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে।
নিহত লিলি হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈন গ্রামের সজিব মিয়ার মেয়ে। তার বয়স আনুমানিক ১৬ বছর। বাবা-মা ও বড় বোনের সঙ্গে সে দক্ষিণ বনশ্রীর ওই বাসায় থাকত। তবে ঘটনার সময় বাসায় কেউ উপস্থিত ছিলেন না। বাবা-মা আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন এবং বড় বোন ছিলেন জিমে।
বিকেলে জিম থেকে ফিরে বড় বোন লিলিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ জানায়, নিহতের বাবা সজিব মিয়ার একটি খাবার হোটেল রয়েছে, যেখানে গ্রেপ্তার মিলন কর্মরত ছিলেন। ঘটনার দিন দুপুরে খাবার খাওয়ার উদ্দেশ্যে মিলন বাসায় প্রবেশ করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা যায়।
এই ঘটনায় লিলির পরিবার রোববার সকালে মিলনকে প্রধান আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ ও র্যাব যৌথভাবে মামলাটির তদন্ত কার্যক্রম এগিয়ে নিচ্ছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে হাজির শাহরিয়ার কবির
ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনা যুবক নিহত